পেকুয়া-কুতুবদিয়ায় সি-ট্রাক উদ্বোধনে -নৌ উপদেষ্টা
দ্বীপ কুতুবদিয়ার মানুষ প্রত্যাশিত সি- ট্রাক পেয়েছে
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত আধুনিক সি-ট্রাক পরিসেবা। পরীক্ষামূলক চলাচলে সফলতার পর রবিবার (২৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে পেকুয়া–কুতুবদিয়া নৌপথে চালু করা হয় ‘এসটি ভাষা শহীদ জব্বার’ নামের অত্যাধুনিক সি-ট্রাকটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনের পর দুপুর ১টায় সি-ট্রাকটি মগনামা জেটিঘাট থেকে যাত্রা শুরু করে এবং দুপুর দেড়টার দিকে বড়ঘোপ জেটিঘাটে পৌঁছায়। এ সময় নতুন এই নৌযানটি দেখতে জেটিঘাটে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ।
অনুষ্ঠানে নৌ উপদেষ্টা বলেন, পেকুয়া–কুতুবদিয়া ও কক্সবাজার–মহেশখালী নৌপথে আধুনিক সি-ট্রাক চালুর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে সময় ও ভোগান্তি কমবে এবং নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত হবে। তিনি আরও জানান, সরকার উপকূলীয় ও দ্বীপাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এই সেবা চালুর ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। ভবিষ্যতে এ ধরনের আধুনিক নৌযানের সংখ্যা আরও বাড়ানো হবে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সি-ট্রাকটি পরিচালনা করা হবে। নৌপথে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই সি-ট্রাক সেবা চালুর মাধ্যমে পেকুয়া ও কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।















