সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে আসার পথে স্পিড বোট ডুবিতে মা মেয়ের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপ আসার পথে নারী-শিশুসহ ৮ যাত্রী নিয়ে একটি স্পীড বোট ডুবির ঘটনা ঘটেছে।
আজ সোমবার ১ ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় মা মেয়ের মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম ও তার শিশু কন্যা মহিমার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মরিয়ম সেন্ট মার্টিনের পূর্ব পাড়ার মোহাম্মদ মাহফুজের স্ত্রী।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্পিড বোট ডুবিতে মা মেয়ের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৪ জনকে আনা হলে দুইজন মারা যান বাকি আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন, মাহমুদ ও লুসাইবা। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় যাওয়া যায়নি।
টেকনাফ থানার পুলিশ পরিদর্শক জায়েদ নুর বলেন, দুজনের মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।















