পেকুয়া কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী স্ত্রী নিহত, স্বামী অক্ষত

সিনিয়র প্রতিবেদক,বেলাভূমি :
মোটরসাইকেলে করে চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া থেকে স্ত্রীকে নিয়ে কক্সবাজারের পেকুয়ায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন স্বামী মোঃ ইউসুফ । তিনি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার নামক স্থানে পৌঁছালে চট্টগ্রাম থেকে পেকুয়া মুখি দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে সীটে বসা স্ত্রী হুমাইরা বেগম রাস্তায় ছিটকে পড়ে। এসময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে স্ত্রী হুমাইরা নিহত হয়। এতে স্বামী মোঃ ইউসুফ মোটরসাইকেল থেকে রাস্তার বিপরীত পাশে পড়ে গেলে তিনি অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার
টইটং হাজীর বাজার এলাকার মোনতাহা ইলেক্ট্রনিক এন্ড হার্ডওয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমাইরা বেগম (২৫) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার নুর আহমদের মেয়ে। গত ৯ মাস আগে বাঁশখালী উপজেলার পশ্চিম পুকুরিয়া এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ ইউসুফ (৩৭) এর সাথে হুমাইরা বেগমের বিয়ে হয়।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যান চালক মোঃ মনিরকে গ্রেপ্তার করে ।
ঘটনার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়। ঘটনার বিষয়ে চালককে আসামী করে নিহতের স্বামী বাদি হয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।















