মগনামা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক নুরুল আজিম, সি. যুগ্ম আহ্বায়ক মোছাদ্দেক, সদস্য সচিব নুরুল আবছার
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পেকুয়া উপজেলা শাখার আওতাধীন মগনামা ইউনিয়নে নতুন করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এম. জাফর আহমদের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে মো. নুরুল আজিম-কে আহ্বায়ক, মো. মোছাদ্দেক-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাজ্বী নুরুল আবছার-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও কমিটিতে আরও ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দীর্ঘদিন মগনামা ইউনিয়নে মৎস্যজীবী দলের কার্যক্রম স্থবির থাকার পর এবার একটি সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্ব গঠনের লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে তৃণমূল পর্যায়ে দলকে সুসংহত ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতারা।
কমিটির সদস্যদেরকে আগামী ২ (দুই) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক কমিটি পুনর্গঠন, এবং সংগঠনকে মাঠ পর্যায়ে সক্রিয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইউনিয়নের মৎস্যজীবীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, সাংগঠনিক সভা, মতবিনিময় ও সচেতনতা কার্যক্রম চালাতে বলা হয়েছে।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. হারুনুর রশিদ বলেন, “আমরা চাই প্রতিটি ইউনিয়নে একটি কার্যকর ও দক্ষ কমিটি গড়ে উঠুক। মৎস্যজীবী দলের মূল উদ্দেশ্য শুধু রাজনীতি নয়, মৎস্যজীবীদের অধিকার, জীবনমান এবং সাংগঠনিক ঐক্য রক্ষা করা।”















