চকরিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও আলোচনা সভা
কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে ৫টায় চকরিয়া পৌরশহরের সিস্টেম চকরিয়া কমপ্লেক্স থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন বাস স্টেশনে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক রেজাউল করিম বাপ্পী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সহসভাপতি ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াস উদ্দিন।
বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুল হক রিটু, চিরিংগা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তারেক, চকরিয়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, আকতার ফারুক খোকন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমর আলী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়া, চকরিয়া পৌরসভার যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম ফোরকার, পৌরসভা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোহর আলম, সদস্য সচিব জিয়া উদ্দিন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক কামরুল হাসান জাস্টিস, সদস্য সচিব নুরুল আবছার রিয়াদ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।
চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, ছাত্রদলকে তারুণ্য নির্ভর করে সুসংগঠিত করতে আমরা কাজ করবো। দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আগামী নির্বাচনে মধ্যেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে ছাত্রদল সবসময় রাজপথে থাকবে। গত ১৭বছর দেশে ছাত্র রাজনীতিতে অপরাজনীতির চর্চা হয়েছে। ছাত্র রাজনীতিকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে ছাত্রদল কাজ করবে। আমাদের কমিটি ঘোষণা করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
স্বাগত মিছিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক বলেন, ছাত্রদলের নবগঠিত কমিটিকে শহীদ জিয়ার আদর্শকে ধারন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করতে ছাত্রদলকে ভূমিকা রাখতে হবে। গত সতের বছর ফ্যাসিস্ট সরকারের রোষানলে ছাত্রদল সব জুলুম নির্যাতন সহ্য করেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথ ছাড়েনি ছাত্রদল। আগামীতেও ছাত্রদল সকল অপশক্তির মোকাবিলায় রাজপথে থাকবে।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট রাতে চকরিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।















