অবৈধভাবে গড়ে উঠা আ’লীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুতুবদিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজের অভিযান
কক্সবাজারের কুতুবদিয়ায় সড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।
আজ মঙ্গলবার সকালে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের চৌমুহনী বাজার সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

এসময় সওজের প্রকৌশলী রাহাত আলম, নৌবাহিনীর কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, কুতুবদিয়ার উপজেলার লেমশিখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে সড়কের পাশের জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করেছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন।
আজ তার বহুতল ভবনসহ আশেপাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেন সড়ক ও জনপদ বিভাগ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, সরকারি জায়গা উদ্ধারে প্রশাসনের জিরো টলারেন্স। সরকারি জায়গা দখলকারী যত বড়ই ক্ষমতাধর হোক না কেন তাদের কোন ছাড় নেই।
















