মহেশখালীর কালারমারছড়ায় পুলিশ বিট স্থাপনের লক্ষ্যে প্রশাসনের স্থান পরিদর্শন
মহেশখালী উপজেলার কালারমারছড়ায় আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশ বিট স্থাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে স্থান পরিদর্শন করা হয়েছে। ২২ জুলাই বিকালে স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্ল্যাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, কালারমারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, হোয়ানক কেরুনতলী ও কালারমারছড়া (ভারপ্রাপ্ত) ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ রিদোয়ান মোস্তফা, যুবদল নেতা মিজানুর রহমান মাতব্বর ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহজাহান বখতিয়ার সহ কালারমারছড়া বাজার কমিটির নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্ল্যাহ পুলিশ বিট স্থাপনের স্থান পরিদর্শনের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মহেশখালীর তানভীর ছিদ্দিকীর নামানুসারে তানভীর সড়ক নামকরণ, ফলক উন্মোচন, কবরস্থান সড়ক সংস্কার ও মাদ্রাসার উন্নয়ন সহ বিভিন্ন প্রস্তাবিত প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সচেতন হতে হবে। পুলিশ বিট হবে এখানে পুলিশ থাকবে কিন্তু স্থানীয় জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবে না এটা হতে পারে না। কালারমারছড়া নোনাছড়ি বাজারের রাস্তার উপর থেকে মাছ বাজার অন্যত্রে সরিয়ে নিতে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আহমেদ ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ রিদোয়ান মোস্তফাকে নির্দেশ দেন।


















