মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে হেফজখানা ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সরওয়ার কামাল মহেশখালী
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এতে
জেঁকে বসেছে হাড়কাঁপানো প্রচন্ড ঠান্ডা ও শীত। এই কনকনে শীতে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড় মহেশখালী, কুতুবজোম ও মহেশখালী পৌরসভায় হেফজখানা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) নিয়ে পাশে দাঁড়িয়েছে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
তিনি ১ জানুয়ারী রাতে উপজেলার বড় মহেশখালী, কুতুবজোম ও পৌরসভায় হেফজখানা এবং এতিমখানায় আকস্মিক ভাবে উপস্থিত হয়ে ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও নিজ হাতে এতিমখানার ছাত্রদের গায়ে কম্বল জড়িয়ে দেন। রাতে হঠাৎ হাতে কম্বল পেয়ে এতিমখানার কোমলমতি ছাত্রদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
শীতবস্ত্র বিতরণ সম্পর্কে জানতে চাইলে ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, ইতিমধ্যে জেঁকে বসেছে হাড়কাঁপানো প্রচন্ড ঠান্ডা ও তীব্র শীত। এ তীব্র শীতে এতিম ছোট্ট শিশুরা অনেক কষ্টে আছেন। সেটা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। এটি আমাদের দায়িত্বের একটি অংশ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের সামান্যতম উষ্ণতা দেয়, তবেই আমাদের সার্থকতা। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রশাসনের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতায় করা।
এসময় ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আহমেদ প্রমুখ। হেফজখানা ও এতিমখানার শিক্ষকেরা প্রশাসনের সময়োপযোগী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।














