রেলপথ নির্মাণে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি: তমা কনস্ট্রাকশন কর্তৃক প্রতিশ্রুত বিকল্প সড়কের দাবিতে মানববন্ধন
মনিরুল আমিন.চকরিয়া
দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রতারণার কারণে চকরিয়ার সাহারবিল রেলওয়ে স্টেশনের নিকটবর্তী দুইটি গ্রামের ৫ শতাধিক পরিবার যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগের সম্মুখীন হওয়ার অভিযোগ ওঠেছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে কয়েকশ’ নারী-পুরুষ মানববন্ধন করে অবিলম্বে প্রতিশ্রুত রাস্তা নির্মাণের আবেদন জানিয়েছেন।
অভিযোগে প্রকাশ,২০১৯ সালে এই রেলপথ নির্মাণের সময় রেলওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের উর্ধতন কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা পার্শ্ববর্তী রেললাইনের আন্ডারপাস সংযোগ করে প্রায় ৩ শত মিটার চলাচল সড়ক তৈরি করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।
মানববন্ধনে বিএনপি নেতা জায়েদুল ইসলাম বলেন,তমা কনস্ট্রাকশন এর প্রজেক্ট ম্যানেজার কথা দিয়েছিলেন পার্শ্ববর্তী সড়কের সাথে একটি সংযোগ সড়ক ও কালভার্ট নির্মাণ করা হবে। কথা মতো একটি নকশাও তৈরি করে আমাদের দেখিয়েছিলেন। প্রতিশ্রুতি মতো একটি কালভার্ট নির্মাণ করা হলেও এখনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।
এ বিষটি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মাহবুবুল আলম বলেন,তমা কনস্ট্রাকশন এর লোকজন চলাচল সড়ক তৈরি না করে, রেলওয়ের জায়গা স্থানীয় প্রভাবশালীদের কাছে ইজারা দিয়ে সেখানে ভাড়া ঘর ও মাছ চাষ করছে।
মানববন্ধনে এলাকাবাসী’র পক্ষে কলেজ ছাত্র দিদারুল ইসলাম বলেন,এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী,গরু-ছাগলসহ ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। সামান্য বৃষ্টিতে পানি জমে কাঁদা যুক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষাকালে কোমর পর্যন্ত পানি জমে থাকে এই রাস্তায়।
তিনি আরও বলেন,তমা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ারের নকশা অনুযায়ী চলাচল সড়কের উপর রেললাইন নির্মাণ কাজের জন্য একটি অস্থায়ী নির্মাণ শেড তৈরি করা হয়েছিল। কাজ শেষ হলে ক্যাম্পটি ভেঙে ফেলার শর্তে ইজারা দেন এলাকার কয়েকজন ব্যক্তিকে। রেলপথ নির্মাণের কাজ শেষ হলেও অদ্যবদি অস্থায়ী শেডটি ভাঙা হয়নি। এ জন্যে বিকল্প সড়কটি নির্মাণ করা যাচ্ছে না। দখলবাজদের উচ্ছেদ করে বিকল্প সড়কটি নির্মাণে রেলওয়ে সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।














