পেকুয়ায় বোটের মাঝি ছুরিকাহত, দুই রাউন্ড গুলি বর্ষণ
নিজস্ব প্রতিবেদক
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দক্ষিণ সুন্দরীপাড়া এলাকায় ফিশিং বোটের মাঝি বাবুল (৫৫) ছুরিকাহত হয়েছে। তিনি ওই এলাকার আবদুল আলীর পুত্র। তাকে স্থানীয়রা পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও এজাহার সুত্রে জানা যায়, ওই সময়ে দক্ষিণ সুন্দরীপাড়া বেড়িবাঁধের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে ওই এলাকার হাজী আমির হোসেনের পুত্র মো: জোবাইর প্রকাশ ফিশিং বোট কোম্পানী ছুরি দিয়ে বোটের মাঝি বাবুলকে আহত করে। এ সময় সে প্রাণ বাচানোর জন্য দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে বন্দুক দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহত বাবুল মাঝি জানান, আমার ছেলে জিয়াবুল থেকে টাকা পাইবে মর্মে এ হামলা করে। তিনি আরো জানান, আমার ছেলে জিয়াবুল ১ বছর আগে স্থানীয় জোবাইর কোম্পানীর বোটে চালক হিসেবে চাকুরী করতো। বোট মালিকের অনুরোধে সে ৩ জন শ্রমিক এনে দেয়। পরে আমার ছেলের অজান্তে ওই ৩ জন শ্রমিককে অপহরণ করে মুক্তিপণ দাবী করেছিল। খবর পেয়ে আইন শৃংখলা বাহিনী অপহৃত শ্রমিকদের উদ্ধার করে। এ ঘটনার প্রেক্ষিতে আমার ছেলে জিয়াবুল তার চাকুরী ছেড়ে দেয়। তাই বিবাদী আমার ছেলেকে হত্যা করবে, গুম করিবে বলে হুমকি ধমকি দিয়ে আসছিল। বর্তমানে যে কোন মুহুর্তে মারাত্মক অঘটন ঘটার আশংকা দেখা দিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত জোবাইর কোম্পানী জানান, ঘটনার সাথে সাথে সেগুলো শেষ হয়ে যায়। আপনারা যা ইচ্ছা তাই লিখেন। আমার কিছুই বলার নেই। ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পেকুয়া থানার এস.আই পল্লব কুমার ঘোষ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মারধর ও গুলিবর্ষণের ঘটনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।










