ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মগনামা ইউনিয়ন পরিষদের সহায়তা প্রদান
পেকুয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব ৭ পরিবার
কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অসহায় ৭ পরিবারের ৪ বসতঘর।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) দুপুর দেড়টার দিকে জুমার নামাজ চলাকালীন সময়ে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল ৪নং ওয়ার্ডে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে নিঃস্ব হওয়া পরিবারগুলো হলো, মগনামা পশ্চিমকূল এলাকার মৃত দুদু মিয়ার ছেলে সরওয়ার আলম, নাসির উদ্দিন, মৃত কাশেম আলীর ছেলে জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, মোঃ আজিম, মাশুকা বেগম ও জসিম উদ্দিনের ছেলে আবদুল মজিদ।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে জসিম উদ্দিন জানান, তারা সবাই জুমার নামাজ পড়তে মসজিদে ছিলেন। ওই সময় জানতে পারেন বাড়িতে আগুন লেগেছে। এসে দেখেন পুড়ে সব শেষ। ফায়ার সার্ভিস আসার আগে পুড়ে নিঃস্ব হয়ে যায় সাত পরিবার।
স্থানীয় জিয়াউর রহমান জিয়া বলেন,পুড়ে যাওয়া ৭ পরিবারই ছিল গরিব তবে এখন তারা প্রায় নিঃস্ব।তাদের এই দু:সময়ে সমাজের বিত্তবান ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন জানান, বৈদ্যুতিক তার ছিড়ে এক বাড়িতে আগুনের সুত্রপাত হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়লে ৭পরিবারের ৪বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। এতে ক্ষতি প্রায় ৩০লক্ষাধিক টাকা।
ফায়ার সার্ভিস পেকুয়ার ইনচার্জ জানান, বৈদ্যুতিক তার ছিড়ে আগুন লাগে বাড়িতে। স্টেশন থেকে ঘটনাস্থল বেশ দূর হওয়া ফায়ার সার্ভিস পৌঁছাতে পৌঁছাতে সব পুড়ে যায়। যা ক্ষতি হয়েছে আমরা তার রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
এদিকে মগনামা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রশাসক ও এসিল্যান্ড নুর পেয়ারা বেগম পরিষদের সচিব আবদুর রাজ্জাক ও ইউপি মেম্বারদের উপস্থিতিতে সহায়তা প্রদান করা হয়।











