হাত পা বাঁধা অবস্থায় বিল থেকে মৃত উদ্ধার
চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ২১ ফেব্রুয়ারী রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই আবদুল মালেক বলেন আরিফ নামের এক যুবক সন্ধ্যার দিকে নিহত মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫নং ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে।
ছোট ভাই আবদুল মালেক মুজিবের
স্ত্রী আনোয়ারা বেগমের বরাত দিয়ে বলেন, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার বাসিন্দা আরিফ মুজিবকে ডাকতে আসে। মুজিব তার স্ত্রী আনোয়ারা বেগমকে ইফতার সামগ্রী কিনে দিয়ে তার সাথে রওয়ানা দেয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে মুজিবের মোবাইলে কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাত ১১টার দিকে শাহ ওমর মাজার সংলগ্ন এলাকার বিল থেকে হাত-পা ও মুখে কসটেব লাগানো অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ছোট ভাই আবদুল মালেক বলেন, আরিফ ও আমাদেও পরিবারের মধ্যে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। দু’পক্ষের মধ্যে অনেকবার মারামারির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় থানা ও আদালতে মামলাও চলমান রয়েছে। হয়েতো পূর্ব শুত্রুতার জের ধরে আমার ভাইকে মেরে ফেলতে পারে।
স্থানীয়রা জানান, আরিফ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তাছাড়াও তার বাবাও মাদক ব্যবসার সাথে জড়িত। মাদকসহ তারা বেশ কয়েকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো। পরবর্তীতে জামিনে এসে আবার মাদক ব্যবসায় জড়িত হয়ে যায় তারা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, ঘটনা খবর শোনার পরপর ঘটনাস্থলে এসেছি। পরিবারের দাবি আরিফ নামের এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। এই বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, আরিফকে আটক করতে পারলে বিস্তারিত জানা যাবে। মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে।










