মহেশখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
সরওয়ার কামাল মহেশখালী
মহেশখালীতে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২৭ই জানুয়ারী মহেশখালী মডেল হাইস্কুল মিলনায়তনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আঃ মান্নান। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ও জেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আজিজ।
জেলা প্রশাসক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এসময় তিনি নির্বাচন সম্পর্কিত আচরণবিধি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশ সুপার বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে থাকবে বডি-ওর্ন ক্যামেরা, ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা, বডি ওর্ন ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হবে । ভোটগ্রহণের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকল কার্যক্রম রেকর্ড থাকবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট ভিডিও চিহ্নিত ও পৃথকভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। ব্রিফিং শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় মহেশখালী থানাধীন একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৮৬ জন প্রিজাইডিং অফিসার, ৫৪৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০৯৬ জন পোলিং অফিসার অংশ নেন।
মহেশখালী উপজেলায় ৮৬ টি ভোট কেন্দ্রে ২ লাখ ৮০ হাজার ৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।















