চকরিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩,সিএনজি জব্দ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীতে এ অভিযান পরিচালনা করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানায় চকরিয়া থানা পুলিশ।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ এর তত্ত্বাবধানে চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ফাঁসিয়াখালীর ৯ নম্বর ওয়ার্ডের ছাইরাখালী ছিড়াপাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে মহাসড়কের উপর বিশেষ অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ও পরিবহন কাজে ব্যবহৃত ১টি সিএনজিসহ তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের মো: আমিনের পুত্র মোহাম্মদ শফি (৪৩),একই ইউনিয়নের মৃত ফজল করিমের পুত্র আমির হোসাইন (৫৪) ও রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আলী হোসাইনের পুত্র রফিক উল্লাহ (২৯)।
এ বিষয়ে চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।









