মহেশখালী-কক্সবাজার নৌ রুটে দুই স্পিড বোট সংঘর্ষে মহিলা যাত্রীর মৃত্যু
সরওয়ার কামাল মহেশখালী
মহেশখালী-কক্সবাজার নৌ রুটে একটি ভয়াবহ স্পিড বোট দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত এক নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৬ই জানুয়ারী দুপুর ১২টার দিকে মহেশখালীর হামিদিয়ার খালের মুখ এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা যায়, মহেশখালী থেকে কক্সবাজারগামী একটি দ্রুতগামী স্পিড বোটে স্থানীয় যাত্রীদের পাশাপাশি কয়েকজন পর্যটকও ছিলেন। যাত্রাপথে স্পিড বোটটির ইঞ্জিনের প্রপেলারে একটি বস্তু আটকে গেলে চালক নৌযানটি থামিয়ে ইঞ্জিন বন্ধ করেন। পরে প্রপেলারে আটকে থাকা বস্তু সরানোর জন্য ইঞ্জিনটি পেছনের দিকে তুলে ধরেন।এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি স্পিড বোট এসে থেমে থাকা বোটটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে স্পিড বোটটি উল্টে যায় এবং এতে এক নারী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্যান্য স্পিড বোট ও নৌযানের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। বোটে থাকা এক চালক ও যাত্রী সূত্রে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।দুর্ঘটনাকবলিত স্পিড বোটটি কক্সবাজারের স্থানীয় একজন ব্যক্তির মালিকানাধীন বলে জানা গেছে। বোটটি মনজুর নামের এক চালক সাময়িকভাবে পরিচালনা করছিলেন।মহেশখালী ঘাটের স্পিট বোট পরিচালক মাহবুব আলম জানান, সাগরে মধ্যখানে হঠাৎ করে বোটটি যান্ত্রিক সমস্যার কারনে পথিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারনে পেছনের যাত্রীগামী স্পিট বোট ধাক্কা দেওয়ায় এ ঘটনাটি ঘটেছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।









