চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইটি হাইয়েস মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া সাবরেজিস্ট্রি অফিসের পেছন থেকে তাদের গ্রেফতার করে চকরিয়া থানা পুলিশ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাছির উদ্দিন (৪৫),সেলিম (৩৫), তৌহিদুল ইসলাম (২৪) এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১)। তাঁদের বাড়ি চকরিয়া উপজেলার সাহারবিল,পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতার হওয়া নাছির উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতির মামলা, আর শাহীনের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
ওসি তৌহিদুল আনোয়ার আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়মিত ডাকাতি করে থাকে।









