চকরিয়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ৩ জন,চকরিয়া সরকারি হাসপাতালে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা সবাই পর্যটক ছিলেন বলে জানা যায়।
নিহতরা হলেন,কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশা এলাকার এনামুল হকের স্ত্রী রুমি বেগম (৬৫),তার মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাদিয়া আক্তার পাটোয়ারী (২৩),পুত্রবধু ফারজানা মজুমদার লিজা (২৮), তার বোন ফারহানা মজুমদার টিজা(২৫) এবং তাদের মাতা রিজুয়ানা মজুমদার শিল্পী (৫৫)।
মালুমঘাট হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর হাঁসেরদিঘি এলাকায় চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
এতে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।









