প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ৮:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পেকুয়ায় বৃদ্ধ আবু তাহের হত্যায় তিনজনকে আসামি করে মামলা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের হারুণ মাতবরপাড়া এলাকায় বৃদ্ধ আবু তাহের (৭৫) হত্যার ঘটনায় ৩জনকে আসামী করে অবশেষে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার তিন দিন পর রোববার (২৮ জুন) রাতে নিহতের ছেলে মো. তারেক বাদী হয়ে পেকুয়া থানায় মামলাটি দায়ের করা মামলার আসামীরা হল, একই এলাকার নুরুল হোসেনের ছেলে সিফাত (২৪), শাহ আলমের ছেলে বাহাদুর (৩০) এবং অপর এক ব্যক্তিকে এ হত্যাকাণ্ডে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে মো. তারেক বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে এবং এজাহারভুক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনেও তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মগনামা ইউনিয়নের হারুণ মাতবরপাড়া এলাকায় পূর্বের পুত্রবধূর পরকিয়া ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পুত্রবধূর আর্তচিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে যান আবু তাহের। অভিযোগ রয়েছে, তখন দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দারা। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পেকুয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সাক্ষীদের বক্তব্য নেওয়ার কাজও চলমান রয়েছে।

প্রিন্ট করুন