বাহার উদ্দিন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে পৌরসভার পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ র্যালি অনুষ্ঠিত।
র্যালিতে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সাফওয়ানুল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবুল হাশেম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল লক্ষ্য। তারা আরও বলেন, আজকের একটি গাছ আগামী দিনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা উচিত। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি আমাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করবে। আমরা শুধু গাছ লাগিয়েই থেমে থাকব না, বরং গাছগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা করব। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামাজিক অংশগ্রহণ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক