নিজস্ব প্রতিবেদক:
ডাকাত মোকতার
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকায় একটি মৎস্য প্রজেক্টে ডাকাতির চেষ্টার ঘটনায় স্থানীয় লোকজন অস্ত্র, গোলাবারুদ ও একটি ইঞ্জিনচালিত বোটসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভোর ৪টার দিকে উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিছাখালী বাহিরের ঘোনা এলাকায় স্থানীয় জনতার হাতে
আটকরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিল এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর মাতারবাড়ী এলাকার কথিত ‘মোক্তার বাহিনীর’ প্রধান মোক্তারের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি করিয়ারদিয়া এলাকার একটি মৎস্য প্রজেক্টে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুলে দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাহিনীর প্রধান মোক্তারসহ অন্যরা পালিয়ে গেলেও জনতার হাতে আটক দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি, দুটি তাজা শটগানের কার্তুজ, ১৫টি খালি শটগানের কার্তুজ এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “করিয়ারদিয়া এলাকার একটি মৎস্য প্রজেক্টে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় জনতার হাতে দুইজনকে আটক করা হয় । তাদের কাছ থেকে দুটি দেশীয় এলজি, গোলাবারুদ এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, কথিত মোক্তার বাহিনীর প্রধান মোক্তারের বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অনলাইন ডেস্ক