স্টাফ রিপোর্ট
কক্সবাজারের পেকুয়ায় অসুস্থ এক তাঁতীদল নেতার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা শ্রমিকদলের নেতাকর্মীরা। মানবিক উদ্যোগের অংশ হিসেবে নেতাকর্মীরা অসুস্থ নেতার খোঁজখবর নেন এবং তার হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।
জানা যায়, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের চিকিৎসা সহায়তার আবেদন বিবেচনা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসা ও জরুরি অপারেশনের জন্য তিনি আর্থিক সহায়তা চেয়ে দলীয় নেতাকর্মীদের নিকট আবেদন করেন। আবেদনে তিনি নিজের অসুস্থতা, আর্থিক অসচ্ছলতা এবং চিকিৎসা ব্যয়ের বিষয়টি তুলে ধরেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে তাকে চিকিৎসা সহায়তার জন্য উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ওসমান গনির নেতৃত্বে অনুদান প্রদান করা হয়। এ সময় অসুস্থ জাহাঙ্গীর আলম অনুদান প্রদানকারী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
স্থানীয়রা জানান, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করবে।
এ সময় শ্রমিকদলের নেতারা বলেন, রাজনৈতিক সহকর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। অসুস্থ তাঁতীদল নেতার দ্রুত সুস্থতা কামনা করে তারা ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সহায়তা গ্রহণকালে অসুস্থ তাঁতীদল নেতা শ্রমিকদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্দিনে পাশে দাঁড়ানোর এই সহযোগিতা তাকে মানসিকভাবে অনুপ্রাণিত করেছে।

অনলাইন ডেস্ক