প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ । ১০:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেকুয়ায় খাবারে বিষক্রিয়ায় একই পরিবারের ৭ জন হাসপাতালে

অনলাইন ডেস্ক
  1. নিজস্ব  প্রতিবেদক 

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গর্জনিয়া পাড়ায় খাবারে বিষক্রিয়ার ঘটনায় একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার রাত আনুমানিক ১১টার দিকে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে গুরুতর অসুস্থ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার গ্রহণের পর হঠাৎ করে একে একে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

অসুস্থরা হলেন ঐ এলাকার আহমদ কবিরের স্ত্রী রেনু আরা বেগম (৫৫), আসাদ উল্লাহ (৩৬), তার স্ত্রী শারমিন আক্তার (২৮), তাদের ছেলে মোহাম্মদ (৫), আরিফ উল্লাহ (৩১), কিসমত উল্লাহ (২৬) ও মিরাজ উল্লাহ (২৯)। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাবারে বিষক্রিয়ার কারণেই তারা অসুস্থ হয়ে থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একই পরিবারের এতজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে রাতেই অনেক মানুষ তাদের খোঁজখবর নিতে হাসপাতালে ভিড় করেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুজিবুর রহমান বলেন, আক্রান্তদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এঘটনায় পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এই ঘটনা নিয়ে থানায় কেউ অবগত করেনি।

এদিকে খাবারে বিষক্রিয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। দ্রুত আক্রান্তদের সুস্থতা কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

প্রিন্ট করুন