বাহার উদ্দিন
কক্সবাজার জেলার প্রাথমিক শিক্ষা পদক কমিটির চূড়ান্ত সিদ্ধান্তে ২০২৪ সালের (বা চলমান পর্যায়) জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মাষ্টার মোহাম্মদ মহসীন। তিনি পেকুয়া উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো: আবু মান্নান এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহীন মিয়া যৌথভাবে এই তালিকা অনুমোদন ও স্বাক্ষর করেছেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, বিদ্যালয়ের প্রশাসনিক দক্ষতা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং নেতৃত্বসুলভ গুণাবলীর সার্বিক বিবেচনায় তাকে এই গৌরবজনক স্বীকৃতি প্রদান করা হয়।
সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জনে পেকুয়া উপজেলার শিক্ষা অঙ্গনসহ স্থানীয় সচেতন মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষানুরাগী ও জেলা-উপজেলার শিক্ষক সমাজ মনে করেন মোহাম্মদ মহসীনের এই অর্জন পেকুয়া তথা পুরো জেলার শিক্ষকদের কাজের গতি ও গুণগত মান বাড়াতে ব্যাপক অনুপ্রেরণা জোগাবে।
এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া প্রধান শিক্ষক মোহাম্মদ মহসীন জানান, এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পেকুয়া উপজেলাবাসীর যৌথ প্রচেষ্টার ফল। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির একই বিজ্ঞপ্তিতে আরও বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। যার মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে শাহেনুর আলম শিবলী (মহেশখালী), শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে সুরাইয়া আক্তার (কক্সবাজার সদর) এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে সায়মা তাবাসসুম তোহফা (কক্সবাজার সদর) নির্বাচিত হয়েছেন। এছাড়াও জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন উখিয়া উপজেলার মো: আশরাফুল আলম সিরাজী।

অনলাইন ডেস্ক