প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ১০:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেকুয়ায় দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বাহার উদ্দিন

কক্সবাজারের পেকুয়ায় কৃষকদের আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতির সাথে পরিচিত করতে দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিটি প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ও বিশ্বব্যাংক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, ফসলের গুণগত মান উন্নয়ন, পরিবেশবান্ধব চাষাবাদ এবং GAP (Good Agricultural Practices) পদ্ধতির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষকরা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে GAP সার্টিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষকরা আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পাশাপাশি বাজারে কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ও মূল্য বৃদ্ধি পাবে।
কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের কৃষি কাজে নতুন দিকনির্দেশনা দিয়েছে। বিশেষ করে কীটনাশকের সঠিক ব্যবহার, জৈব সার প্রয়োগ এবং নিরাপদ সবজি ও ফল উৎপাদনের বিষয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) অসীম কুমার দাশ বলেন, যাদের সাটিফিকেট দেওয়া হয়েছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে দক্ষতা কাজে লাগিয়ে কৃষি পণ্য বিদেশে রপ্তানি করা হবে। এবং ভবিষ্যতেও কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন