নিজস্ব প্রতিবেদক
চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পালাকাটা এলাকার সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে শওকত হাসান রিয়াজ (২২)। রোববার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে কেবি জালাল উদ্দীন সড়কের সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
রিয়াজের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও পারিবারিকভাবে পরিচিত এই তরুণের মৃত্যুতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ সোমবার (১৮ মে) জোহরের নামাজের পর দুপুর ২টায় পালাকাটা কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে স্থানীয়দের অভিযোগ, কেবি জালাল উদ্দীন সড়কে চলমান উন্নয়ন কাজের কারণে বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে।
পাশাপাশি নির্মাণ সামগ্রী এলোমেলোভাবে সড়কের পাশে ও চলাচলের পথে ফেলে রাখায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফেলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়কের কাজ নিরাপদভাবে সম্পন্ন করা, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

অনলাইন ডেস্ক