নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আরিফুল আমিন।
নিহত মো. মিজানুর রহমান চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা এবং চন্দনাইশে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি আরিফুল আমিন বলেন, সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় কক্সবাজারমুখী একটি মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে এক আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি জব্দ করেছে বলে জানান তিনি।
চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, নিহতের লাশ এখনো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

অনলাইন ডেস্ক