প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ । ৩:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

চকরিয়ায় মৎস্য ঘেরে মিলল মালিকের লাশ

অনলাইন ডেস্ক

 

মনিরুল আমিন চকরিয়া

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বড় ডুমখালী ঘোনা এলাকায় মৎস্য ঘেরে মনজুর আলম কালু (৫৫) নামের এক ঘের মালিকের মৃতদেহ পাওয়া গেছে। নিহত মনজুর আলম স্থানীয় মৃত জাফর আলমের ছেলে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,মালুমঘাটের বড় ডুমখালী ঘোনা এলাকায় একটি মৎস্য ঘেরের মালিকানা নিয়ে মনজুর আলমের সাথে একটি প্রভাবশালী চক্রের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘেরটি দখলে নিতে অতর্কিত হামলা চালায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।

পরিবারের দাবি,সশস্ত্র দুর্বৃত্তদের উপস্থিতি বুঝতে পেরে কর্মচারীরা পালিয়ে গেলেও ঘের মালিক মনজুর আলম তাদের কাছে আটক হয়। পরে তাকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বেলাভূমিকে বলেন,খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গভীর রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। বর্তমানে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি

প্রিন্ট করুন