প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ৫:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

খেলার সময় দোলনার সাথে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাকিব হাসান

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে দোলনায় খেলার সময় গলায় ওড়না পেঁচে গেলে আকরিদা জান্নাত (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তৈল্লার বিল এলাকায় নিজ বাড়ির উঠানে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত আকরিদা জান্নাত দুবাই প্রবাসী জিয়াউর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আকরিদা বাড়ির উঠানে দোলনায় খেলছিল। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না দোলনার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে গুরুতর অবস্থার সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিছুদিন আগে আকরিদার জন্য নতুন পোশাক কেনা হয়েছিল। কিন্তু সেই আনন্দের আগেই এমন করুণ মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে গভীরভাবে শোকাহত করেছে।

প্রিন্ট করুন