ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাত দলের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ডাকাতেরা নিহত চন্দন দে এর বাড়ি ও পাশ্ববর্তী নিতাই দের বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত ৫টার দিকে
স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চন্দন দে এর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার ৪০মিনিটের দিকে চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর গাছবাড়িয়া চন্দন দে এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। নিহত চন্দন দে একই এলাকার মৃত রেবতী দে এর সন্তান।
থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে একটি হাইস গাড়ি নিয়ে ৫ থেকে ১০ জন ডাকাত চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর গাছবাড়িয়া চন্দন দে ও নিতাই দে এর বাড়ি (গোয়ালঘরে) হানা দেয়। ডাকাতেরা বাড়ির গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে চন্দন দে
বাধা দেন। তখন তাঁকে গুলি করে গুরুতর জখম করা হয়। এরপর ডাকাত দল হাইস গাড়ি করে তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় চন্দন দে-কে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে আছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন ডেস্ক