অনলাইন রিপোর্ট
আজকের বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ও উপস্থিতিকেই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়। রাজনীতি, ক্রীড়াঙ্গন, শোবিজ, ব্যবসাসহ প্রায় সব সেক্টরের ব্যক্তিত্বরাই এখন এই ডিজিটাল জনপরিসরে সক্রিয়। এরই ধারাবাহিকতায় ফেসবুকের শীর্ষ ১০০ ‘কনটেন্ট ক্রিয়েটর’-এর তালিকায় স্থান করে নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান বর্তমানে ৬৭তম। রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ তালিকায় এ তথ্য উঠে আসে।
তালিকাটি বিশ্লেষণে দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্ট ও আলোচনার মাত্রার বিচারে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে। যেখানে ‘ট্রাম্প টিম’ ও ‘ডোনাল্ড ট্রাম্প’ যথাক্রমে ৭১তম ও ৭৬তম স্থানে অবস্থান করছেন।
প্রসঙ্গত, সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরকেই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়। সে হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও সেলিব্রিটিদের অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছেন।

অনলাইন ডেস্ক