নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিধিনিষেধ থাকা সত্ত্বেও অনেকটা প্রকাশ্যেই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। ১৩ ডিসেম্বর শনিবার সকালে চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার বড়ুয়া পাড়া ও মৌলভীরকুম বাজার এলাকা জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক শতাধিক লোক নিয়ে নির্বাচনী গণসংযোগ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিপুল সংখ্যক লোকজন নিয়ে সরাসরি জনসংযোগের ভিডিও ও ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন স্থানীয় মাহবুবুল আলম।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কোনো প্রার্থী যদি প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন, তাহলে সে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিবেই। আমরা আশা করছি এসব বিষয়ে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সংশ্নিষ্ট কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
এব্যাপারে চকরিয়া উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পেয়েছেন, জেলার একজন ম্যাজিষ্ট্রেট আর চকরিয়া এসিল্যান্ডকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি দেয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকের মুঠো ফোনে কয়েক বার যোগাযোগ করে রিসিভ না করায় ক্ষুদে বার্তা দেয়া হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক