কক্সবাজার অফিস:
কক্সবাজারে উখিয়ায় বস্তাবন্দি অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ পালং এলাকার তচ্ছাখালী সেতুর পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম ও পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, সন্ধ্যায় উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ পালং এলাকার তচ্ছাখালী ব্রিজের পাশে খালে পরিত্যক্ত একটি বস্তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে এলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে দেখা যায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ। চেহারা বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে ওই নারীকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে দেয়া হয়।’ নিহতের আনুমানিক বয়স ২৫ থেকে বছর বলে ধারনা তার। তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

অনলাইন ডেস্ক