কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়াছড়া আমতলী এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ঔষধবাহী কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়।
রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ঔষধবাহী কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও চালক ও সহকারী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
চিরিংগা হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন বেলাভূমিকে বলেন,দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া প্রতিনিধি