
সিনিয়র প্রতিবেদক,বেলাভূমি :
পেকুয়ায় আঃ লীগ নেতার দোকানে পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। বুধবার রাত ১০ টায় পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের কাইয়ুম ডেকোরেশন নামে ওই দোকানে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফার নেতৃত্বে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
কাইয়ুম ডেকোরেশন এর মালিক আবদুল কাইয়ুম পেকুয়া সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আঃ লীগ সভাপতি ও মিঠাবেপারী পাড়া এলাকার সুলতান আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আঃ লীগ এলাকায় উশৃংখল পরিস্থিতি তৈরী করতে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য পরিকল্পনা করে আবদুল কাইয়ূম এর ডেকোরেশনের দোকানে অবৈধ অস্ত্র মৌজুদ করার তথ্য পেয়ে ওই দোকানে তল্লাশী অভিযান পরিচালনা করেন । এসময় দোকান মালিক আঃ লীগ নেতা কাইয়ূমকে দোকানে পাওয়া যায়নি। তল্লাশি অভিযানে অবৈধ কোন অস্ত্রের সন্ধান পায়নি পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা তল্লাশি অভিযানের বিষয়ে নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তল্লাশি চৌকি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে । তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা ও গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া বাজারে একটি দোকানে অবৈধ অস্ত্রের সন্ধানে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক 