প্রকাশের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫ । ৬:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

টৈটং উচ্চ বিদ্যালয়ের অভূতপূর্ব সাফল্য : উপজেলায় দ্বিতীয়

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। গত বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি করে বিদ্যালয়টি উপজেলায় এমপিওভুক্ত ১১টি স্কুলের মধ্যে গৌরবময় দ্বিতীয় স্থান অধিকার করেছে।

গত বছর এই বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় ৮ম স্থান অর্জন করলেও, শিক্ষকদের নিরলস পরিশ্রম, ছাত্র-ছাত্রীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় চলতি বছরে পাশের হার দাঁড়িয়েছে ৮১.২৫ শতাংশ। এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ এবং এলাকার শিক্ষা সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) রাশেদুল ইসলাম জানান, “শুরু থেকেই ফলাফল উন্নয়নের জন্য শিক্ষকরা নিরলস পরিশ্রম করেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত মনিটরিং, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এক্সট্রা কেয়ার, ছাত্রদের জন্য উন্নত ছাত্রবাস ও নানামুখী শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করেছি। এরই ফলশ্রুতিতে এই সাফল্য অর্জিত হয়েছে।”

বিদ্যালয়ের এ উন্নতি শিক্ষাক্ষেত্রে টৈটং ইউনিয়নের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আগামীতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রিন্ট করুন